মক্কা চুক্তি নিয়ে সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

প্রকাশ:

মক্কা চুক্তির বিষয়ে সব দিক বিবেচনা করে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ভারত তাদের নিজস্ব পররাষ্ট্রনীতি অনুযায়ী কাজ করবে এবং বাংলাদেশ তার নিজস্ব নীতি অনুযায়ী চলবে। তিনি স্পষ্টভাবে বলেন, ভারত চলবে ভারতের মতো, আর বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে মন্ত্রী মন্তব্য করেন যে, সরকার পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট কি না সেটি বড় বিষয় নয়; বরং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিচার বিভাগের ডিজিটালাইজেশন বা ই-জুডিশিয়ারি প্রসঙ্গে তিনি জানান, সরকার ও আইন মন্ত্রণালয় এ বিষয়ে সক্রিয় কাজ করছে। আগামী এক বছরের মধ্যেই ই-জুডিশিয়ারি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের।

অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বিশেষ অতিথি হিসেবে যোগ দেন। এ সময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস এবং শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন