বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বৃদ্ধির আশা হাইকমিশনারের

প্রকাশ:

জাতীয় সংসদ ভবনে মন্ত্রীর অফিসকক্ষে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এনডিসি এবং পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ।

বৈঠকে দুই দেশের বাণিজ্য ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। তিনি জানান, গত বছরের তুলনায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বাণিজ্য ইতিমধ্যেই ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া পাকিস্তানে বাংলাদেশের ১০ হাজার টন পণ্য রপ্তানির জন্য শুল্কমুক্ত সুবিধা রয়েছে, যা ব্যবহারের জন্য তিনি বাংলাদেশ সরকারকে অনুরোধ জানান।

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এ সময় বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতি রক্ষায় সবার জন্য একটি মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশের নারীদের হাতে তৈরি পণ্য কোনো বাধা ছাড়াই পাকিস্তানে রপ্তানির সুযোগ এবং বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও আনারস আমদানির বিষয়ে পাকিস্তানের সহযোগিতা কামনা করেন।

উভয় পক্ষ নারী শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীদের আত্মকর্মসংস্থান, কৃষি, ডেইরি, পোলট্রি, মৎস্য এবং ব্যবসা-বাণিজ্যসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।

হাইকমিশনার ইমরান হায়দার আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের শিক্ষার্থীরা সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো বিষয়ে উচ্চশিক্ষার জন্য পাকিস্তানে যাচ্ছে। এছাড়া বাংলাদেশ সিভিল সার্ভিসের যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবদের একটি দল অ্যাকাডেমিক প্রশিক্ষণের অংশ হিসেবে পাকিস্তান সফর করেছে এবং ভবিষ্যতে এই কার্যক্রম আরও বাড়বে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন