সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত নওগাঁর সাতজন কর্মীর মরদেহ বৃহস্পতিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৪০ নম্বর ফ্লাইটে মরদেহগুলো দেশে আনা হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো নওগাঁর আত্রাই উপজেলার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
এর আগে গত মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মরদেহ আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। উক্ত অগ্নিকাণ্ডে মোট ১৬ জন বাংলাদেশি কর্মী প্রাণ হারিয়েছিলেন, যার মধ্যে সৌদি কর্তৃপক্ষ ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে ৯ জনের পরিচয় শনাক্ত করেছে। এর মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার সাতজন এবং সদর উপজেলার একজন রয়েছেন।
নিহত সাতজন হলেন আত্রাই উপজেলার উদনপৈ গ্রামের মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামানিক, মোহন আলী, সুমন আলী ও কলিমুদ্দিন, ডুবাই গ্রামের সোহেল রানা এবং মার্কাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরদার।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, নিহতদের পরিবারের সঙ্গে প্রশাসন সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং মরদেহগুলো বিনামূল্যে আনার জন্য প্রশাসনের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স ভাড়ার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান, শুরুতে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও বর্তমানে আত্রাই উপজেলার ১১ জন এবং নওগাঁ সদর উপজেলার একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি মরদেহগুলো দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
আগামীকাল শুক্রবার সকাল দশটায় আত্রাই উপজেলা সদরের মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে নিহতদের একত্রে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই জানাজায় আত্রাই-রানীনগর আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম, জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার মো. তারিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে গত মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ দুতাবাস রিয়াদ, সৌদি আরবের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার বিকেলে মরদেহগুলো বাংলাদেশে আসার তথ্য জানানো হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৪০ নম্বর ফ্লাইটযোগে বৃহস্পতিবার বিকেল ৪টা ৫ মিনিটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে উল্লেখ করা হয়।





