ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে পানিতে ডুবে আট বছরের শিশু আবু বকরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে। নিহত শিশুটি একই উপজেলার দেউলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহিদুল হক কাজির ছেলে। শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে দীর্ঘদিন যাবত ঢাকায় বসবাস করে আসছিল।
পরিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে আবু বকর তার মামা ইমনের সঙ্গে ঢাকা থেকে সাচড়ায় নানা ছিঠু খানের বাড়িতে বেড়াতে আসে। নতুন পরিবেশে স্বজনদের সান্নিধ্যে সময় কাটানোর এক পর্যায়ে বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুর পাড়ে মাছ ধরার দৃশ্য দেখতে যায় সে। কিন্তু কিছু সময় অতিবাহিত হওয়ার পরও তার কোনো খোঁজ না মেলায় স্বজনদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরুর এক পর্যায়ে পুকুরের পানিতে শিশুটির নিথর দেহ ভেসে উঠতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নানা বাড়িতে বেড়াতে এসে এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।
সাচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কয়ছর আহমেদ পরী শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ছোট্ট আবু বকরের অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না স্বজনরা। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





