৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন তথ্য: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশ:

ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এই নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যেই বিএনপি এবং ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা নিয়ে গঠিত এই আসনে আগামী ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর রোববার বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. নূর-এ-শাহাদাত স্বজন। এরপরের দিন ২১ সেপ্টেম্বর সোমবার ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াত প্রার্থী মো. দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ। জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রার্থীদের প্রতিনিধিদের হাতে এসব মনোনয়নপত্র তুলে দেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের প্রতিনিধি মো. নূর-এ-শাহাদাত স্বজন জানান, বিএনপি একটি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশে সাধারণ মানুষের কাছে যেতে চায়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন এবং জনগণের সমর্থন নিয়েই মির্জা ফয়সল আমিন নির্বাচনে লড়ছেন। অন্যদিকে জামায়াত প্রার্থীর প্রতিনিধি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ বলেন, তারা নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ নির্বাচনী কার্যক্রমের পক্ষে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই তাদের প্রত্যাশা।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম ২৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দুই প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত। এরপর ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন করা হবে।

শেয়ার করুন