রাষ্ট্রপতি নির্বাচনে কেন ভোট দেননি রুমিন ফারহানাসহ ছয়জন

প্রকাশ:

রাষ্ট্রপতি নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাসহ ছয়জন সংসদ সদস্য ভোট দেননি। এছাড়া বিএনপির মির্জা আব্বাস ও মোস্তফা কামাল পাশা বিদেশে চিকিৎসাধীন থাকায় ভোট দিতে পারেননি। বিএনপির ওসমান ফারুক এবং খেলাফত মজলিসের আবুল হাসানও ভোটদানে বিরত ছিলেন; দলের মহাসচিব আহমদ আব্দুল কাদের জানিয়েছেন, আবুল হাসান বর্তমানে বিদেশে অবস্থান করছেন। জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকেও ভোটকেন্দ্রে দেখা যায়নি।

আদালতের আদেশের কারণে চট্টগ্রাম-৬ আসনের ফল প্রকাশ স্থগিত থাকায় এবং একই আসনের বিএনপির আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল হওয়ায় বর্তমান সংসদে ভোটার ছিলেন ৩৪৯ জন। নির্বাচনে বিএনপির মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন, বিপরীতে জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

ভোটদানে বিরত থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রুমিন ফারহানা এই নির্বাচনকে 'অর্থহীন ও প্রহসন' হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, ভোটে অনিশ্চয়তা না থাকলে তা নির্বাচন নয়, বরং মনোনয়ন মাত্র। এছাড়া গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে কোনো অরাজনৈতিক ও গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করতে না পারার আক্ষেপ প্রকাশ করেন তিনি। রুমিন ফারহানা আরও বলেন, বিএনপি সংবিধানের ৭০ অনুচ্ছেদের ভয় দেখিয়ে দলীয় আনুগত্য নিশ্চিত করতে চেয়েছে, যা তার কাছে প্রহসনের শামিল।

উল্লেখ্য, ইসলামী আন্দোলনের মহাসচিব গাজী আতাউর রহমান শুরুতে দলটির একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহর ভোটদানে বিরত থাকার ঘোষণা দিলেও, পরবর্তীতে জানা যায় তিনি ভোট দিয়েছেন।

শেয়ার করুন