সিলেটে হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মৃত শিশুদের মধ্যে দুজন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং একজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া দুই শিশুর বয়স ছিল যথাক্রমে ৫ মাস ও ১১ মাস এবং ওসমানী হাসপাতালে মারা যাওয়া শিশুর বয়স ছিল ৯ মাস।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ছয়জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মোট ১৫১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪১ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং ১০ জনের মৃত্যুর কারণ হিসেবে নিশ্চিত হাম রোগকে চিহ্নিত করা হয়েছে।
হাসপাতালে ভর্তির হারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ১২৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৯ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬০ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৯ জন ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৩৫৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪০ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১০ জন রোগী ভর্তি আছেন। বাকিরা বিভাগের অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।





