পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত অবস্থায় লিফট থেকে পড়ে উজ্জ্বল খন্দকার নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে প্রকল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল খন্দকার ঈশ্বরদীর দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকার আব্দুস সবুর খন্দকারের ছেলে। তিনি রূপপুর প্রকল্পে নিকিমথ কোম্পানির অধীনে এমটিইউ-২ শাখায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
ঘটনার সময় উজ্জ্বল নিকিমথ কোম্পানির ‘OOUKS’ ভবনে ম্যান-লিফটে কাজ করছিলেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি প্রায় ২০ ফুট ওপর থেকে নিচে পড়ে যান। এতে তার হাত-পা ভেঙে যাওয়াসহ ঘাড়ের দিকে গুরুতর আঘাত লাগে। সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ জানান, বিষয়টি রূপপুর পুলিশ ফাঁড়ির মাধ্যমে অবহিত হয়েছেন তারা। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।





