নেত্রকোনায় তরুণীকে নিয়ে বিতর্কে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

প্রকাশ:

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে এক তরুণীকে নিয়ে স্থানীয়দের হাতে তার আটকের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত বেশ কিছু ভিডিও ও পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট সোমবার রাতে রিপন মিয়াকে আটক করা হয়। এরপর তাকে স্থানীয়ভাবে আয়োজিত একটি সালিশি বৈঠকে নেওয়া হয়। উপজেলার ৮ নম্বর দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সালিশ অনুষ্ঠিত হয়। ওই সালিশি বৈঠকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।

সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে, বিবাহিত রিপন মিয়ার বিরুদ্ধে পাশের গ্রামের এক তরুণীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রেক্ষিতে আয়োজিত সালিশে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং তাকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও প্রচার করা হচ্ছে।

তবে এই অভিযোগগুলোর সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য যে, রিপন মিয়া ২০১৬ সালে ফেসবুকে কনটেন্ট নির্মাতা হিসেবে তার পথচলা শুরু করেন। ‘হাই আই অ্যাম রিপন ভিডিও’, ‘হা হা হা, এটাই বাস্তব’ এবং ‘বন্ধু তুমি একা হলে আমায় দিয়ো ডাক’—এই ধরনের সংলাপের মাধ্যমে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পান। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

শেয়ার করুন