রাজধানীর গুলশানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে ভাটারা থানার সামনে থেকে গুলশান থানা জামায়াতের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি রাত ৮টা ৪৫ মিনিটে শুরু হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইয়াসিন আরাফাত বলেন, গুলশান এলাকায় নিষিদ্ধ আওয়ামী সংগঠনের লোকেরা মিছিল করেছে, যার প্রতিবাদে তারা আজ রাজপথে নেমেছেন। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী খুনিদের বিচারে সরকার শিথিলতা দেখাচ্ছে বলেই তারা দুঃসাহস দেখানোর সুযোগ পাচ্ছে।
তিনি আরও বলেন, যারা শত শত মায়ের বুক খালি করেছে, আয়নাঘর সৃষ্টি করেছে, কোটি কোটি টাকা পাচার করেছে এবং গণতন্ত্রের কবর রচনা করেছে, তাদের ঠাঁই বাংলাদেশে হতে পারে না। ইয়াসিন আরাফাত প্রশাসনের উদ্দেশে প্রশ্ন রাখেন, এত গুরুত্বপূর্ণ এলাকায় নিষিদ্ধ সংগঠনের লোকেরা কীভাবে মিছিল করতে পারে এবং এর জবাব সরকারকে দিতে হবে।
নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার কার্যক্রমে কোনো ধরনের তালবাহানা করা হলে সরকারের বিরুদ্ধে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এই ফ্যাসিবাদের আর কোনো ঠাঁই বাংলাদেশে হবে না। মিছিল থেকে নিষিদ্ধ দলটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এ সময় অন্যদের মধ্যে গুলশান পূর্ব থানা আমির জিল্লুর রহমান, ভাটারা থানা আমির অ্যাডভোকেট রেজাউল করিম এবং গুলশান পশ্চিম থানা আমির মাহমুদুর রহমান আযাদসহ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





