সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টার দিকে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, কোনো ধরনের রাজনৈতিক চাপের কারণে নয়, বরং সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি সামনে আসার পর বিকেল ৫টায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ একটি জরুরি সংবাদ সম্মেলন করেছেন। সংসদ সচিবালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে যে, রাষ্ট্রপতির পদত্যাগ-সংক্রান্ত বিষয়েই এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর আগে ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি পদে মনোনীত হন এবং ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতির পদত্যাগের পর সংবিধান অনুযায়ী পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।





