হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৫০

প্রকাশ:

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে বুধবার এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সর্বশেষ এই সাতজনসহ গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮৫১ জনের।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৭১ শিশুর শরীরে হাম ও হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ৭৩ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত। একই সময়ে হাসপাতালে নতুন করে ১ হাজার ১৯ শিশুকে ভর্তি করা হয়েছে এবং ৯৫৪ শিশু সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৫২ হাজার ৭৩৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ৬৫১ জন। এই সময়ের মধ্যে মোট ১ লাখ ৩৩ হাজার ৫৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শেয়ার করুন