কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। রোববার দুপুর ৩টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পার্শ্ববর্তী রিলাক্স রেস্টুরেন্ট সংলগ্ন তেভাগা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
নিহতরা হলেন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কলাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে মিলন মিয়া (৪০), হবিগঞ্জ জেলার আজমেরিগঞ্জ উপজেলার কাকালচর এলাকার বদিউল আলমের স্ত্রী রাবেয়া আক্তার (৪৫) এবং বদিউল আলমের নাতনি জারামনি (৮)। আহতরা হলেন বদিউল আলম (৫০), তার নাতনি প্রিয়া আক্তার (২২), নাতি আতিকুল ইসলাম (৮) এবং মেয়ে বর্ণা বেগম (৩০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আহত বদিউল আলম ও তার পরিবারের সদস্যরা নান্দাইল থেকে একটি সিএনজি চালিত অটোরিকশায় করে হবিগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন। অটোরিকশাটি আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে মিলন মিয়ার মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাবেয়া আক্তার ও জারামনিকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিনূর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ উদ্ধার করেছে এবং বাকি দুইজন হাসপাতালে মারা গেছেন। পুলিশ দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করেছে এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।





