ভারতের সঙ্গে সমমর্যাদার সম্পর্ক চায় জামায়াত: শফিকুর রহমান

প্রকাশ:

প্রধানমন্ত্রী ভারত সফর করতে পারেন, তবে সেই সফর হতে হবে সমতার, সমমর্যাদার ও বন্ধুত্বের ভিত্তিতে। এ দেশের মানুষ আর কারও আধিপত্যবাদ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার বিকেলে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এ দেশের মানুষের কাছে একটি আদর্শিক সংগঠন। দীর্ঘ সময় ধরে দলটি ইসলামের দাওয়াত প্রচার এবং আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি সংগঠনের নেতাকর্মীদের আগামী স্থানীয় নির্বাচনে জনমানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। একইসঙ্গে সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে এবং ভোট যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানান।

রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান এবং ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।

শেয়ার করুন