জাবিপ্রবি সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে রবি ও জসিম

প্রকাশ:

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) সাংবাদিক সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুসলিম ইবনে রবি এবং সাধারণ সম্পাদক হিসেবে ক্যাম্পাস টাইমসের প্রতিনিধি মো: জসিম উদ্দিন নির্বাচিত হয়েছেন। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রোববার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নকশীকাঁথা ভবনে অবস্থিত সাংবাদিক সমিতির কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচিত অন্যান্য পদগুলোর মধ্যে সহ-সভাপতি পদে এডুকেশন টাইমসের আল শাহরিয়া রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এশিয়া পোস্টের মো: নাঈম ইসলাম, অর্থ সম্পাদক পদে দ্য ডেইলি চেক পোস্টের মো: ইকরাম মাহমুদ প্রধান এবং দফতর সম্পাদক পদে দ্যা স্টুডেন্ট জার্নালের মিরাজ হোসেন জয়লাভ করেছেন। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জামালপুর নিউজ২৪ ডটকমের মো: মিরাজুল ইসলাম, দ্যা ডেইলি ক্যাম্পাসের মো: বেলাল হোসাইন ও নবধারার আহাদুজ্জামান অনন্ত।

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের চেয়ারম্যান মো: সিজার রহমান এবং ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান আতিকুর রহমান। প্রধান নির্বাচন কমিশনার ড. মোহাম্মদ সাদীকুর রহমান জানান, সাংবাদিক সমিতির গঠনতন্ত্রের ধারা-৯ অনুযায়ী নির্বাচনী বিধিমালা অনুসরণ করে স্বচ্ছ ও সুষ্ঠু প্রক্রিয়ায় এই নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় সভাপতি মুসলিম ইবনে রবি বলেন, এই সমর্থন তাঁর কাছে পবিত্র আমানত। তিনি সততা ও নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, কোনো ভয় বা প্রলোভনের ঊর্ধ্বে উঠে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মূলনীতিতে অবিচল থাকাই হবে তাঁর প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়, অনিয়ম তুলে ধরা এবং ক্যাম্পাসে মুক্তচিন্তার চর্চাকে সমৃদ্ধ করতে তাঁর কলম সর্বদা সোচ্চার থাকবে।

ভোট চলাকালীন প্রেসক্লাব জামালপুর, জামালপুর জেলা প্রেসক্লাব, মেলান্দহ উপজেলা প্রেসক্লাব ও মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির নেতারা নির্বাচন পর্যবেক্ষণ করেন এবং নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান।

শেয়ার করুন