পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইবিতে বর্ণাঢ্য মোবারক র‍্যালি

প্রকাশ:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে র‍্যালিটি যাত্রা শুরু করে। এরপর র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

এই র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীসহ ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের হাতে এ সময় ‘ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এল রে দুনিয়ায়’, ‘মুহাম্মদ (সা.) মানবতার শ্রেষ্ঠ আদর্শ’ এবং ‘কুরআন আঁকড়ে ধরি, সুন্নাহ অনুসরণ করি’-এর মতো বিভিন্ন বার্তা সম্বলিত প্ল্যাকার্ড শোভা পায়।

আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নেয়ামত উল্লাহ জুবায়ের বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে আনন্দের জোয়ার নিয়ে আসে। তিনি আরও বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ রহমত ও নেয়ামত। এই র‍্যালির মূল উদ্দেশ্য হলো প্রিয় রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি তাঁর সুন্নাহ অনুসরণের আহ্বান জানানো।

আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ জানান, ১২ রবিউল আউয়াল মহানবী (সা.)-এর জন্ম ও ওফাতের এই পবিত্র দিনটি তারা অত্যন্ত শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করেন। তাঁর জীবন থেকে শেখার অনেক কিছু রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই দিনের মাধ্যমে রাসূলের জীবনের মহত্ত্ব ও আদর্শ সম্পর্কে মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করাই তাদের লক্ষ্য।

শেয়ার করুন