দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্ধারিত দাম আজ শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের তথ্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। ফলে এখন এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। আন্তর্জাতিক বাজারে তেজাবী স্বর্ণের বা পিওর গোল্ডের দাম কমার পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ৯ সেপ্টেম্বর বাজুস সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা ছিল।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন বিক্রয়মূল্য কার্যকর থাকবে। অলংকারের মজুরি গ্রাহককে ডিজাইনের ওপর ভিত্তি করে দিতে হবে এবং বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। এছাড়া অলংকার এক্সচেঞ্জ বা পারচেজের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে যথাক্রমে ১২ শতাংশ ও ১৮ শতাংশ মূল্য বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছে বাজুস। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে ভ্যাট আলাদাভাবে বাদ দেওয়া যাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১: ০৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১: ০৫





