দিরাই ও শাল্লায় তরুণদের জন্য ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

প্রকাশ:

সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলার শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের আধুনিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চার মাস মেয়াদি একটি ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের ব্যক্তিগত অর্থায়নে ‘আস্থা আইটি একাডেমি’র ব্যানারে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শনিবার (১৮ জুলাই) সকালে দিরাই পৌর শহরের শ্যামারচর রোডে অবস্থিত শিশির মনিরের নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে দিরাই ও শাল্লা উপজেলার বিপুল সংখ্যক কর্মপ্রত্যাশী তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে নিজের বক্তব্যে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, নির্বাচনী ইশতেহারে তরুণদের জন্য আধুনিক কর্মসংস্থান সৃষ্টির যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, এটি তারই বাস্তব প্রতিফলন। তিনি আরও জানান, বেকার তরুণ-তরুণীদের নতুন কর্মক্ষেত্র তৈরি করতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন এবং এই কর্মসূচির মাধ্যমে তার প্রতিশ্রুতি বাস্তবায়নের যাত্রা শুরু হলো।

ব্যাংকার আনিসুল হক চৌধুরী মুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী, ইবনে সিনা রিকাবী বাজার শাখার ইনচার্জ রেজাউল ইসলাম এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আল আমিন। বক্তারা এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং যুবসমাজকে এই সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করার আহ্বান জানান।

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী দিনে আইটি প্রশিক্ষক হোসাইন আহমদ শিক্ষার্থীদের সামনে কোর্সের মূল লক্ষ্য, ক্লাস পরিচালনার নিয়ম-কানুন, ফ্রিল্যান্সিং ও তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক তুলে ধরেন। আয়োজকদের প্রত্যাশা, চার মাসের এই নিবিড় প্রশিক্ষণ শেষে স্থানীয় তরুণ-তরুণীরা কেবল স্বাবলম্বীই হবে না, বরং জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

শেয়ার করুন