পুঁজিবাজারের কার্যক্রমে হাতে-কলমে শিক্ষা পেলেন ইডিইউ শিক্ষার্থীরা

প্রকাশ:

পুঁজিবাজারের সার্বিক কার্যক্রম এবং এর প্রায়োগিক দিক সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের লক্ষ্যে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) ব্যবসায় প্রশাসন বিভাগের প্রায় ৭০ জন শিক্ষার্থী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) কার্যালয় পরিদর্শন করেছেন। বুধবার (২০ আগস্ট) চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত সিএসই কার্যালয়ে ‘আন্ডারস্ট্যান্ডিং বিজনেস’ শীর্ষক এই শিক্ষা সফরটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এই সফরের আয়োজন করা হয়।

পরিদর্শনকালে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় পুঁজিবাজারের ভূমিকা অপরিসীম। একটি কার্যকর পুঁজিবাজার গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের পেশাদারিত্ব, দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে তরুণ প্রজন্মকে বহুমাত্রিক দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। এই শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা শেয়ার লেনদেন, নিষ্পত্তি, বিনিয়োগকারী সুরক্ষা, বাজার পর্যবেক্ষণ এবং প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা লাভের সুযোগ পাচ্ছেন।

এম সাইফুর রহমান মজুমদার একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রায়োগিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে জানান, সিএসই বাংলাদেশে কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে, যা দেশের পুঁজিবাজারের জন্য একটি মাইলফলক হতে পারে। অনুষ্ঠানে সিএসইর জেনারেল ম্যানেজার ও রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মোহাম্মদ মর্তুজা আলম বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে পুঁজিবাজারের নেতৃত্বে থাকবে। তাই শিক্ষাজীবন থেকেই গবেষণা ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে নিজেকে প্রস্তুত করা প্রয়োজন। তিনি বিনিয়োগকারী ছাড়াও পরামর্শক, উদ্যোক্তা ও বাজার পর্যবেক্ষক হিসেবে কাজের বিভিন্ন সুযোগের কথা তুলে ধরেন।

ইডিইউর ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক এ কাইয়ুম চৌধুরী এই উদ্যোগের প্রশংসা করে জানান, যারা ভবিষ্যতে পুঁজিবাজারের সঙ্গে যুক্ত হতে ইচ্ছুক, তাদের জন্য এ ধরনের সফর অত্যন্ত কার্যকর। অনুষ্ঠানে সিএসইর ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস বিভাগের প্রধান এম সাদেক আহমেদ পুঁজিবাজারের বর্তমান কাঠামো, বিভিন্ন আর্থিক পণ্য, ঝুঁকি ও রিটার্ন এবং বিনিয়োগ সচেতনতা বিষয়ে একটি উপস্থাপনা প্রদান করেন। অনুষ্ঠানে সিএসইর কর্মকর্তারা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং শিক্ষার্থীরা ভবিষ্যতে পুঁজিবাজারবিষয়ক আরও কর্মশালায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

শেয়ার করুন