বগুড়ায় ব্যবসায়ী হৃদয় হত্যায় ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

প্রকাশ:

বগুড়া শহরের কৈপাড়া এলাকার ব্যবসায়ী রাগিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড এবং তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা জজ-৫ এর বিচারক কৌশিক আহমেদ খোন্দকার এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাদ্দাম হোসেন স্বাধীন ও মো. রাব্বি। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আশিক, শাকিল ও মতিন। রায়ে ওই পাঁচ আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন, জরিমানার টাকা আদায় করে অর্ধেক ভুক্তভোগী হৃদয়ের সন্তানকে দেওয়া হবে এবং অবশিষ্ট টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২০ জুলাই সন্ধ্যার দিকে বগুড়া মহানগরের কৈপাড়া পুকুরপাড় এলাকায় আসামিরা চাঁদার দাবিতে হৃদয়দের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। চাঁদা না পেয়ে তারা দোকানের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হৃদয়কে গুরুতর আহত করে। এ সময় হৃদয়ের বাবা মামুনুর রশিদ ছেলেকে রক্ষা করতে এগিয়ে আসলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদয় মারা যান।

ঘটনার পর নিহতের মা আয়েশা সিদ্দিকা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বগুড়া কোর্ট পরিদর্শক ইন্সপেক্টর শহিদুল ইসলাম শহিদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার পর আসামিদের পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন