সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা একটি প্রতারণার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৩০ সালে ভারতের কুচবিহার জেলার দিনহাটায় জন্মগ্রহণ করেন। ভারতভাগের পর তিনি বাবা-মায়ের সঙ্গে পূর্ব পাকিস্তানে চলে আসেন। ১৯৭১ সালের ২৫ মার্চ ছুটিতে পূর্ব পাকিস্তানে অবস্থান করার সময় তিনি ছুটিতে ছিলেন এবং পরে পশ্চিম পাকিস্তানে ফিরে যান। সেখানে তিনি সপ্তম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমান্ডারের দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালে পাকিস্তান থেকে দেশে ফেরার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁকে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে নিয়োগ দেন। পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁকে সেনাপ্রধান করেন। এরশাদ জিয়াউর রহমানের সামরিক ও রাজনৈতিক পরামর্শক হিসেবেও কাজ করেছেন। অভিযোগ রয়েছে যে, তাঁর পরামর্শেই জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের দূরে সরিয়ে দিয়েছিলেন। এরশাদকে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রধান উপদেষ্টা করা হয়েছিল।
১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান নিহত হওয়ার পর এরশাদের নির্দেশেই মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা আবুল মঞ্জুরকে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এরপর থেকেই এরশাদের উচ্চাকাঙক্ষা বৃদ্ধি পায়। তিনি বিচারপতি সাত্তারকে রাষ্ট্রপতির পদ থেকে সরে যেতে বাধ্য করেন। ১৯৮২ সালের ২৪ মার্চ ক্ষমতা দখল করে তিনি আ ফ ম আহসানউদ্দিন চৌধুরীকে রাষ্ট্রপতির দায়িত্ব দেন এবং ১৯৮৩ সালের ডিসেম্বরে নিজে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। একতরফা নির্বাচনের মাধ্যমে তিনি নয় বছর ক্ষমতায় ছিলেন। ১৯৯১ সালের পর থেকে প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি—উভয় প্রধান রাজনৈতিক দলের কাছেই এরশাদ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হয়েছেন।





