যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গর্ভপাতজনিত কারণে অতিরিক্ত রক্তক্ষরণে সংকটাপন্ন এক রোগীর জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্ত দিয়েছেন অঙ্গীভূত আনসার সদস্য মো. আরিফুল ইসলাম। শুক্রবার (২৮ আগস্ট) সকালে জরুরি মুহূর্তে তাঁর দেওয়া রক্তে রোগীর চিকিৎসা কার্যক্রম দ্রুত শুরু করা সম্ভব হয়।
হাসপাতাল ও রোগীর স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, মোছা. খাদিজা খাতুন নামের ওই নারীর চার মাসের গর্ভের সন্তান আকস্মিক শারীরিক জটিলতায় নষ্ট হয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসকরা জরুরি ভিত্তিতে রক্তের ব্যবস্থা করার পরামর্শ দেন। স্বজনরা হাসপাতাল প্রাঙ্গণে অনেক চেষ্টা করেও তাৎক্ষণিকভাবে রক্ত জোগাড় করতে না পেরে চরম উৎকণ্ঠার মধ্যে পড়েন।
ঠিক সেই মুহূর্তে যশোর সদর ইউএনও গার্ডে কর্মরত আনসার সদস্য মো. আরিফুল ইসলাম বিষয়টি জানতে পেরে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন। রোগীর স্বামী মো. সুলতান হোসেন আবেগাপ্লুত হয়ে জানান, এমন সংকটের মুহূর্তে যখন রক্তের ব্যবস্থা করা প্রায় অসম্ভব ছিল, তখন কোনো পূর্বপরিচয় বা স্বার্থ ছাড়াই আনসার সদস্য যেভাবে এগিয়ে এসেছেন, তাতে তারা অত্যন্ত কৃতজ্ঞ। সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্যোগ ও সংকটময় মুহূর্তে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এমন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে।





