পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটির কারণে বুধবার (২৬ আগস্ট) দেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোরের বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। একই সঙ্গে বেনাপোল কাস্টমস ও বন্দরের কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে। তবে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
আজ হিজরি ১৪৪৮ সনের ১২ রবিউল আউয়াল। এই দিনটি মুসলিম বিশ্বে হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস হিসেবে পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে পালিত হয়।
বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন প্রায় ৪০০ থেকে ৪৫০টি পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। এসব পণ্যের একটি বড় অংশ দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। আমদানি কার্যক্রম থেকে বেনাপোল বন্দর সরকার প্রতিদিন প্রায় ১০ কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি নিশ্চিত করেছেন যে, সরকারি ছুটি উপলক্ষে বুধবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন খান জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ডিডি) রুহুল আমিন বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটির কারণে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও আমদানি করা পণ্যবাহী ভারতীয় খালি ট্রাকগুলো ভারতে ফিরে যেতে পারবে। তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল থেকে ভারত-বাংলাদেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম যথারীতি চালু হবে।





