ফ্রান্স-মরক্কো ম্যাচ পরিচালনার দায়িত্বে পাঁচ আর্জেন্টাইন রেফারি

প্রকাশ:

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও মরক্কোর মধ্যকার ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন আর্জেন্টিনার পাঁচ রেফারি। মঙ্গলবার (৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে ফিফা এই তথ্য নিশ্চিত করেছে। ম্যাচের প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ফাকুন্দো তেলো। তার সহকারী হিসেবে থাকবেন হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাদে। এছাড়া চতুর্থ কর্মকর্তা হিসেবে দারিও এরেরা এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে ক্রিস্তিয়ান নাভারো দায়িত্ব পালন করবেন।

ম্যাচ কর্মকর্তাদের এই তালিকা প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। সমালোচকদের প্রধান উদ্বেগের কারণ হলো, আর্জেন্টিনা এখনও বিশ্বকাপে টিকে রয়েছে এবং ফাইনালে ওঠার দৌড়ে তারা ফ্রান্স বা মরক্কোর মুখোমুখি হতে পারে। এমতাবস্থায় একই দেশের রেফারিদের নিয়োগ দেওয়ায় অনেকেই স্বার্থের সংঘাতের বিষয়টি সামনে এনেছেন।

তবে ফিফার প্রচলিত নিয়ম অনুযায়ী, তারা দীর্ঘদিন ধরেই একই দেশের রেফারিদের নিয়ে একটি পূর্ণাঙ্গ দল গঠন করে আসছে। ২০২৬ সালের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত প্রতিটি ম্যাচেই এই নীতি অনুসরণ করা হয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী, কোনো রেফারিকে কখনোই তার নিজের দেশের ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় না। এখন পর্যন্ত কোনো রেফারিকে নিজেদের দেশের ম্যাচে দায়িত্ব পালন করতে দেখা যায়নি।

রেফারি ফাকুন্দো তেলোর এই নিয়োগ এমন সময়ে এলো যখন এবারের বিশ্বকাপে রেফারিংয়ের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে বেশ আলোচনা চলছে। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে মরক্কো ও পর্তুগালের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মরক্কোর ফরোয়ার্ড ওয়ালিদ চেদ্দিরাকে লাল কার্ড দেখানোর ঘটনায় ফাকুন্দো তেলো সমালোচনার মুখে পড়েছিলেন। সেই সিদ্ধান্ত নিয়ে ফুটবল বিশ্বে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল।

শেয়ার করুন