বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন প্রতিনিধিদলের নানা পরামর্শ

প্রকাশ:

বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরির জন্য মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল কিছু সুনির্দিষ্ট প্রস্তাব ও পরামর্শ প্রদান করেছে। সরকার এসব প্রস্তাব গুরুত্বের সাথে বিবেচনা করছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) নতুন ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক নিয়ে মন্ত্রী বলেন, এটি কেবল বাংলাদেশের জন্য নয়, বরং বিভিন্ন দেশের ওপর রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশের ওপর সাধারণ শুল্কের বাইরে যে ১০ শতাংশ ট্যারিফ প্রয়োগ করা হচ্ছে, তা সর্বনিম্ন হারের মধ্যেই পড়ে।

ভারতীয় ব্যবসায়ীদের আগ্রহের বিষয়ে মন্ত্রী জানান, বাংলাদেশে আসা ভারতীয় ব্যবসায়ীরা স্থলবন্দরগুলো পুরোপুরি কার্যকর করার ওপর জোর দিয়েছেন। স্থলবন্দর বন্ধ থাকায় কাঁচামালের খরচ বেড়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা। এ ছাড়া এফবিসিসিআইয়ের কাছে ভারতীয় ব্যবসায়ীরা অবকাঠামো খাতে বিনিয়োগের জন্য টাস্কফোর্স এবং ডিজিটাল অবকাঠামো তৈরির জন্য একটি ট্রাস্ট গঠনের প্রস্তাব দিয়েছেন।

দেশের বাণিজ্য ঘাটতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে আমদানির তুলনায় রপ্তানি কম, যা অস্বাভাবিক নয়। তবে ভিয়েতনামের উদাহরণ টেনে তিনি বলেন, ভিয়েতনামের বাণিজ্যের পরিমাণ প্রায় ৮০০ বিলিয়ন ডলার, সেখানে বাংলাদেশ প্রায় ৬০০ বিলিয়ন ডলারে রয়েছে, যা অর্থনীতির আকারের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে বাণিজ্যের পরিমাণ বাড়ানো প্রয়োজন।

বিসিকের নতুন কেন্দ্র উদ্বোধনকালে মন্ত্রী জানান, জাতীয় অর্থনীতিতে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান বর্তমানে ৩৪ শতাংশ, যা ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে সরকারের। জ্বালানি সংকট নিরসনে তিনি সৌরশক্তির সর্বোত্তম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। সরকারের ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা বাস্তবায়িত হলে লোডশেডিংয়ের সমস্যা অনেকটা লাঘব হবে। পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল প্লটগুলোতে গ্যাসের বিকল্প হিসেবে রাইস হাস্ক ও কয়লা ব্যবহারের রূপরেখা তৈরি করা হচ্ছে।

এছাড়া সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠকে মন্ত্রী মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন। বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার (২২ আগস্ট) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে নতুন ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৭ বিলিয়ন ডলারের বেশি হওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, “স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের আমদানি রপ্তানির তুলনায় বেশি। পৃথিবীর অনেক দেশেই আমদানি বেশি এবং রপ্তানি তুলনামূলকভাবে কম। এটি অস্বাভাবিক বিষয় নয়।”

শেয়ার করুন