চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রকাশ:


‎মোহাম্মদ হায়দার আলী (এম.এ):



‎চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে ১৭ আগস্ট ২০২৬ ইং (সোমবার) জেলা পুলিশ লাইন সিভিক সেন্টারে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম।

‎প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম বলেন, পুলিশের মূল শক্তি হলো শৃঙ্খলা, পেশাদারিত্ব, সততা ও জনগণের প্রতি অঙ্গীকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুলিশ সদস্যদের নিজেদের আচরণ ও কর্মদক্ষতার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। তিনি প্রত্যেক পুলিশ সদস্যকে নিষ্ঠা, সততা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। সভায় তিনি আরও বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, অবহেলা, অসদাচরণ কিংবা দায়িত্বে শৈথিল্যের সুযোগ নেই। একই সঙ্গে পুলিশ সদস্যদের কল্যাণ ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী প্রতিটি সদস্যকে মানবিকতা, ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবা করার নির্দেশনা প্রদান করেন।

‎সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জনাব মো. মাসুদ আলম, বিপিএম বলেন, চট্টগ্রাম জেলা পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। পুলিশের প্রতিটি সদস্যকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আরও সচেতন ও আন্তরিক হতে হবে। জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, দ্রুত সেবা প্রদান এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখার মাধ্যমে জেলা পুলিশের সুনাম ও জনআস্থা আরও সুদৃঢ় করতে হবে। তিনি বলেন, “দায়িত্ব পালনে পেশাদারিত্বের পাশাপাশি জনগণের প্রতি মানবিক ও সহানুভূতিশীল আচরণই হবে আমাদের মূল অঙ্গীকার।” আইন প্রয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

‎বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসার ও ফোর্স সদস্যদের কল্যাণ, পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, সততা, জবাবদিহিতা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণসংক্রান্ত বিষয় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয় এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করা হয়। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ, সাইবার অপরাধ ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে গোয়েন্দা নজরদারি ও আইনানুগ কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা প্রদান করা হয়।

‎সভায় দায়িত্ব পালনে বিশেষ অবদান, পেশাদারিত্ব, দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের মাঝে অর্থ পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় কর্মকর্তারা পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে ও আরও নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য উৎসাহিত করেন। সভায় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। বিশেষ কল্যাণ সভার মাধ্যমে একদিকে পুলিশ সদস্যদের কল্যাণ ও পেশাগত মানোন্নয়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে, অন্যদিকে জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন এবং জনগণের আস্থা অর্জনে চট্টগ্রাম জেলা পুলিশের অঙ্গীকার আরও সুদৃঢ় হয়েছে।

শেয়ার করুন