জনগণের আস্থা ও জবাবদিহিতে এগিয়ে যাচ্ছে সরকার: মাহদী আমিন

প্রকাশ:

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জনগণের বিশ্বাস, আস্থা ও জবাবদিহিতার মধ্যে দিয়ে সরকার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সোমবার দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে আয়োজিত এক বিশেষ সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়েছিল।

মাহদী আমিন জানান, গত ছয় মাসে সরকারের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো নির্বাচনী ইশতেহারকে ধারণ করে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়া। তিনি আরও বলেন, এই ছয় মাসে সরকারের প্রতি জনগণের অভূতপূর্ব জনসমর্থন রয়েছে। প্রধানমন্ত্রী গত ছয় মাসে দেশজুড়ে যেসব গণসম্পৃক্ত কর্মসূচিতে অংশ নিয়েছেন, সেখানে জনগণের ঢল নেমেছে বলে তিনি উল্লেখ করেন।

সভায় সরকারের উচ্চপর্যায়ের বেশ কয়েকজন উপদেষ্টা ও মন্ত্রী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী অংশগ্রহণ করেন।

এছাড়া সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন ছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জাহিদ উর রহমান, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আব্দুল আওয়াল এবং অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন