কে পদত্যাগ করলো কিছুই জানি না, দেশে ফিরে বললেন স্পিকার

প্রকাশ:

প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সম্ভাবনা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে যখন জোর গুঞ্জন চলছে, ঠিক সেই সময়ে চিকিৎসার জন্য থাইল্যান্ডে সফররত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন। শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়ে স্পষ্টভাবে কিছু বলেননি স্পিকার। হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমি দেশের বাইরে ছিলাম। সুতরাং এখানে কে পদত্যাগ করলো, কী করলো আমার কিছুই জানা নেই। এখন হয়ত জানতে পারবো।’ তিনি আরও যোগ করেন, ‘আপনারা যেমন শুনেছেন, আমিও সেই রকমই শুনেছি।’

প্রেসিডেন্টের পদত্যাগ প্রক্রিয়ার সাংবিধানিক দিক তুলে ধরে স্পিকার বলেন, ‘যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন, তাহলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এরপর আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবে। এটাই সংবিধানের নিয়ম।’

উল্লেখ্য, প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে স্পিকারের দ্রুত দেশে ফিরে আসা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের পদ শূন্য হলে স্পিকারকে সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে হয়।

শেয়ার করুন