বন্যা মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:

দেশে বন্যা ও জলোচ্ছ্বাস প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ সরকার বিভিন্ন দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে যেকোনো বিপদ-আপদে জনগণের পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার। ‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনগণ’— এই নীতিকে সামনে রেখেই সরকার কাজ করছে।

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে তিনি জানান, শুধু ঘরবাড়ি নয়, ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশুপালকদের জন্যও বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ দেওয়া হবে এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতি জরিপ করে সহায়তা প্রদান করা হবে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও সড়কসহ সব অবকাঠামো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পানি নিষ্কাশনের সুবিধার্থে এখন থেকে পানি উন্নয়ন বোর্ড নয়, বরং স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইসগেট রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবেন। তিনি উল্লেখ করেন, বন্যা বা ঘূর্ণিঝড় সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব নয়, তবে কক্সবাজারের বিভিন্ন এলাকায় শক্তিশালী ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ এবং স্লুইসগেট স্থাপনের কাজ চলছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, সরকার জনবান্ধব নীতি অনুসরণ করছে যাতে সাধারণ মানুষের জীবনযাত্রায় বাড়তি চাপ না পড়ে। উল্লেখ্য, দুই দিনের সফরে শুক্রবার সকালে কক্সবাজারে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথম দিন চকরিয়ায় ত্রাণ বিতরণের পর শনিবার তিনি পেকুয়ায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। শনিবার রাতেই তার কক্সবাজার থেকে ফেরার কথা রয়েছে।

শেয়ার করুন