৩১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে গোলাগুলির ঘটনায় শীর্ষ সন্ত্রাসী নিহত

প্রকাশ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনি এলাকায় অভ্যন্তরীণ কোন্দলের জেরে গোলাগুলির ঘটনায় সাহেব আলী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার বিকেলে বউবাজার এলাকায় গোলাগুলির সময় তিনি গুলিবিদ্ধ হয়ে স্থানীয় একটি খালে পড়ে যান। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়। নিহত সাহেব আলী ওয়াপদা কলোনির প্রয়াত গিয়াস উদ্দিনের সন্তান।

পুলিশের তথ্য অনুযায়ী, সাহেব আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নথিতে তাকে ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের বউবাজার এলাকায় তাকে গ্রেপ্তারে অভিযান চালায় র‍্যাব-১১। সে সময় তার বাহিনীর সদস্যরা র‍্যাবের ওপর হামলা চালালে বেশ কয়েকজন সদস্য আহত হয়েছিলেন। পরবর্তীতে ১৫ অক্টোবর সুনামগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং তিনি পরে জামিনে মুক্ত হয়েছিলেন।

শেয়ার করুন