২১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা মিজানুর রহমান স্বপন গ্রেপ্তার

প্রকাশ:

রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে আগারগাঁও এলাকা থেকে এসআরবি তাকে আটক করে এবং পরবর্তী সময়ে শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে থানায় হেফাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার এসআই অমৃতা। এ বিষয়ে বিস্তারিত তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় স্বপনের বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে রয়েছে ছয়তলা গার্মেন্টস থেকে চাঁদা আদায়, নিউরোসায়েন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং আগারগাঁও নতুন রাস্তা এলাকার ফুটপাত থেকে অবৈধভাবে অর্থ আদায়। এছাড়া শেরেবাংলা নগর থানার পার্শ্ববর্তী সমবায় বস্তিতে মাদক ব্যবসায়ীদের কাছ থেকেও তিনি মাসিক হারে চাঁদা তুলতেন বলে অভিযোগ রয়েছে।

শেয়ার করুন