৯ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনা রোধে চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা

প্রকাশ:

সড়ক দুর্ঘটনা হ্রাস ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য ১২টি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ পুলিশ। সম্প্রতি পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনাগুলো চালকদের মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির নিয়মাবলী

  • মোটরসাইকেল চালক এবং আরোহী উভয়কেই বাধ্যতামূলকভাবে হেলমেট ব্যবহার করতে হবে এবং মোটরসাইকেলে চালকসহ সর্বোচ্চ দুজন আরোহী চলাচল করতে পারবেন।
  • গাড়ি চালানোর সময় চালক এবং আরোহী উভয়কেই অবশ্যই সিট বেল্ট ব্যবহার করতে হবে।
  • গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না এবং অপ্রয়োজনে হর্ন বাজানো থেকে বিরত থাকতে হবে। সেই সাথে নির্ধারিত গতিসীমা মেনে চলে ট্রাফিক সিগন্যাল যথাযথভাবে অনুসরণ করতে হবে।

নিরাপদ ড্রাইভিং ও সতর্কতা

বড় ও ভারী যানবাহনের ‘ব্লাইন্ড স্পট’ সম্পর্কে চালকদের সর্বদা সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। একই সঙ্গে লেন পরিবর্তন বা মোড় নেওয়ার আগে ইন্ডিকেটর ব্যবহার করা এবং অন্য যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রেখে গাড়ি চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। কুয়াশা, বৃষ্টি বা যেকোনো প্রতিকূল আবহাওয়ায় গাড়ির গতি কমিয়ে সতর্কতার সাথে গাড়ি চালাতে হবে। এছাড়া সড়ক জটলা কিংবা অন্য চালকের অনাকাঙ্ক্ষিত ভুলের কারণে ধৈর্য না হারিয়ে সর্বদা মেজাজ নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানানো হয়েছে। মাদক সেবন করে, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় কিংবা উল্টো পথে গাড়ি চালানো থেকে কঠোরভাবে বিরত থাকতে বলা হয়েছে। একই সাথে মহাসড়কে ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং না করে নির্ধারিত লেন অনুসরণ করার স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন