জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিকতায় এবার লঞ্চের ভাড়াও বাড়িয়ে নতুন হার নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ২৩ পয়সা। এছাড়া ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের যাত্রাপথে প্রতি কিলোমিটারের জন্য ভাড়া বাড়বে ২০ পয়সা করে।
এর আগে লঞ্চ মালিকরা যাত্রীপ্রতি ভাড়া ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়ে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের কাছে আনুষ্ঠানিক প্রস্তাবনা পেশ করেছিলেন। সেই প্রস্তাবনায় প্রথম ১০০ কিলোমিটারের ভাড়া ২ টাকা ৯৫ পয়সার পরিবর্তে ৪ টাকা ৪৫ পয়সা এবং পরবর্তী দূরত্বের ভাড়া ২ টাকা ৫২ পয়সার জায়গায় ৪ টাকা ২ পয়সা করার দাবি জানানো হয়েছিল। এদিকে একই কারণে বুধবার সকালে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।





