৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশ:

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই একমাত্র দীর্ঘমেয়াদী সমাধান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনার বারহাম সালেহর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এ কথা বলেন। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে আয়োজিত এই বৈঠকে রোহিঙ্গাদের বর্তমান সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, মানবিকতার খাতিরে বাংলাদেশ দীর্ঘ সময় ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। তবে এই সংকটের স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ও সমন্বিত ভূমিকা পালন করতে হবে। প্রত্যাবাসন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে আন্তর্জাতিক মহলের জোরালো ও সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বৈঠকের বিস্তারিত তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রীর সরকারি প্রেস সচিব একেএম নাজমুল হক জানান, মিয়ানমারে রোহিঙ্গাদের স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। এই দীর্ঘস্থায়ী সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা অব্যাহত রাখা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনার বারহাম সালেহ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। বৈঠকে মিয়ানমার থেকে আগত নাগরিকদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম সচল রাখার পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নে আন্তর্জাতিক সব পক্ষকে আরও কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন