আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পরিবার নিয়ে আসার সুযোগ সীমিত করার উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। নতুন এই পরিকল্পনার আওতায় এখন থেকে বিদেশি শিক্ষার্থীরা তাদের স্বামী বা স্ত্রী, সঙ্গী ও সন্তানদের সঙ্গে নেওয়ার সুযোগ আগের মতো পাবেন না। একই সঙ্গে অস্থায়ী অভিবাসীদের ভিসা পরিবর্তনের ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ আরোপের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেশটির নতুন অভিবাসন নীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তার এই নীতিগত বক্তব্যের আগেই অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম সরকারের নতুন পরিকল্পনার নানা দিক প্রকাশ করেছে।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ন্যাশনাল প্রেস ক্লাবে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন।
জানা গেছে, অস্ট্রেলিয়া সরকার ২০২৮ সালের মধ্যে দেশটিতে বার্ষিক নিট বিদেশি অভিবাসনের সংখ্যা ২ লাখ ২৫ হাজারে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করতে যাচ্ছে। বর্তমানে এই সংখ্যা প্রায় ৩ লাখের কাছাকাছি। এই লক্ষ্যমাত্রা অর্জনের অংশ হিসেবেই মূলত আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর এমন কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।





