কোরআন-সুন্নাহবিরোধী আইন বাতিলের দাবি জানাল জামায়াতে ইসলামী

প্রকাশ:

সমাজের সর্বস্তরে নৈতিকতা, সততা ও জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী মানবিক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বলেন, জামায়াত কোরআন ও সুন্নাহর আলোকে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায় এবং এই লক্ষ্য অর্জনে দলটির পথচলা অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কেন্দ্র ঘোষিত মাসব্যাপী দাওয়াতি গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে সিলেট সদর উপজেলার ৮ নম্বর কান্দিগাঁও ইউনিয়নের অনন্তপুরে আয়োজিত এক দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ ফখরুল ইসলাম অভিযোগ করেন, বিএনপি সরকার ধর্মীয় বিধান উপেক্ষা করে জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন পাস করেছে, যা ধর্মপ্রাণ মানুষের সাথে প্রতারণার শামিল। তিনি বলেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন অসিয়ত ও সম্পত্তির উত্তরাধিকার বণ্টনের সুনির্দিষ্ট বিধান নির্ধারণ করে দিয়েছেন। অথচ নির্বাচনের আগে বিএনপি কোরআন-সুন্নাহবিরোধী আইন না করার প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় যাওয়ার পর তা ভঙ্গ করেছে। তিনি অবিলম্বে এই আইন বাতিলের দাবি জানান।

কান্দিগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন নায়েবে আমির মখলিসুর রহমান ইমরানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা আমির নাজির উদ্দিন এবং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মনাফ। এছাড়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: আমিনুর রহমান ও ইউনিয়ন সেক্রেটারি আব্দুল কাইয়ুমসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় কান্দিগাঁও ইউনিয়ন ও ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের বিভিন্ন স্তরের জনশক্তি উপস্থিত ছিলেন। সভার এক পর্যায়ে দলের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

শেয়ার করুন