ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক-হেলপারসহ নিহত ৩

প্রকাশ:

ফেনীর মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ইউনিক পরিবহনের একটি বাস ধাক্কা দিলে চালক ও হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে পুরাতন মুহুরীগঞ্জ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনাস্থলে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। সেটিকে সরানোর জন্য একটি লং ভেহিকেলের সহায়তা নেওয়া হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে চট্টগ্রামমুখী লেনে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা ইউনিক পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের ফলে কাভার্ডভ্যানের চালক, হেলপার এবং বাসের চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে থানার মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তিকে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফাজিলপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু নোমান জানান, পুলিশ দুর্ঘটনাকবলিত তিনটি গাড়িই জব্দ করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫ো শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন