ফেনীর দাগনভূঞায় অপহরণ ও চাঁদাবাজির একটি মামলায় জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহ-সভাপতি জামশেদুর রহমান ফটিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার যুগ্ম-জেলা ও দায়রা জজ মো: জাহিদ হোসাইনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।
আদালতের বেঞ্চ সহকারী শাহাদাত হোসাইন মিনার জানান, জামশেদুর রহমান ফটিকের বিরুদ্ধে ফেনী মডেল থানায় অপহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে এবং তিনি ওই মামলার একমাত্র আসামি। এর আগে জামিনে থাকা অবস্থায় অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমান জানিয়েছেন, ফটিকের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মোট ১১টি মামলা রয়েছে।





