চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ নওগাঁও এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে এই অগ্নিকাণ্ডে দুটি কাঁচা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় থেকে দুপুরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘর দুটির মালিক হলেন ফারুক ঢালী ও জুয়েল ঢালী। খবর পাওয়ার পর সকাল সাড়ে ৮টার দিকে মতলব দক্ষিণ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের গাড়িটিকে ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় আট কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে। স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান তুহিনের নেতৃত্বে একজন গাড়িচালক ও পাঁচজন ফায়ারফাইটার আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন এবং দ্রুত তৎপরতায় আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করতে সক্ষম হন।
অগ্নিকাণ্ডে কোনো ব্যক্তি নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক গোলযোগকে অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ঘটনায় আনুমানিক ৭ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের দ্রুত পদক্ষেপের কারণে প্রায় ২০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।





