মুষলধারে বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন এলাকা পানিবন্দি

প্রকাশ:

মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ঝিরিঝিরি বৃষ্টি মধ্যরাত থেকে মুষলধারে রূপ নিলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌরসভার আরামবাগ, শান্তিরমোড়, বাতেনখাঁর মোড়, পুরাতন বাজার, নিউমার্কেট ও উদয়ন মোড়সহ বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি, সরকারি কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও ছাত্রাবাসে পানি ঢুকে পড়েছে। অনেক রাস্তায় গোড়ালি থেকে শুরু করে হাঁটুপানি জমে যাওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং অনেক সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

জলাবদ্ধতার কারণে অনেক বাসিন্দা সাময়িক গৃহবন্দি হয়ে পড়েছেন। বাসাবাড়ির রান্নাঘর ও টিউবওয়েলের কিছু অংশ তলিয়ে যাওয়ায় স্থানীয়রা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ জানান, মেসে বৃষ্টির পানি ঢুকে পড়ায় তার বই-খাতা সব ডুবে গেছে এবং ঘর থেকে পানি নিষ্কাশন করতে গিয়ে তাকে চরম বিড়ম্বনায় পড়তে হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, বিদ্যমান নালার অচলাবস্থা এবং পর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থার অভাবই এই জলাবদ্ধতার মূল কারণ। আরামবাগ এলাকার বাসিন্দা সাফি রহমান বলেন, আগে অনেক বৃষ্টি হলেও বাসাবাড়িতে কখনো পানি ওঠেনি, কিন্তু এবার পানি ঢুকে পড়ায় ঘরের জিনিসপত্র নিয়ে তিনি বিপাকে পড়েছেন। তিনি দ্রুত এ বিষয়ে পৌরসভা কর্তৃপক্ষের কার্যকরী পদক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী তোফিকুল ইসলাম জানান, রাত ৯টা থেকে সকাল ৯টা পর্যন্ত টানা বৃষ্টির কারণে পৌর এলাকায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তিনি আশ্বস্ত করে বলেন, বৃষ্টির পানি ধীরে ধীরে নেমে যাবে, তবে ড্রেনের আউটলেটে থাকা পাইপের সীমাবদ্ধতার কারণে পানি নিষ্কাশনে কিছুটা সময় লাগছে।

শেয়ার করুন