সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশ:

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মি ব্রেন্ট টি ক্রিস্টেনসেন তার উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেছেন। দুপুর ৩টার দিকে তিনি কারখানায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ, কার্য ব্যবস্থাপক (ডাব্লু এম) মমতাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও শ্রমিক সংগঠনগুলোর নেতারা।

পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সঙ্গে তার স্ত্রী ডিয়ান ডাওকে, আমেরিকান অ্যাম্বেসির কর্মকর্তা মো: সৈয়দ ফাওজুস সালেহীন এবং পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূতের এই সফরকে কেন্দ্র করে সৈয়দপুর রেলওয়ে স্টেশনসহ পুরো শহর ও পরিদর্শন স্থানগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

কারখানায় পৌঁছে রাষ্ট্রদূত ব্রিটিশ দ্বিতীয় রাণী এলিজাবেথের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ট্রেন 'প্রেসিডেন্ট সেলুন', কারখানার বিভিন্ন শপ, রেলওয়ে জাদুঘর এবং ব্রিটিশ আমলে নির্মিত বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এর পাশাপাশি তিনি ঐতিহাসিক ক্যাথলিক গির্জা, খ্রিস্টান কবরস্থান এবং সংলগ্ন চিনি মসজিদও পরিদর্শন করেন। এর আগে তিনি দিনাজপুরের পার্বতীপুর থেকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে করে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান নীলফামারী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনিম আওন, জেলা পুলিশ সুপার ফরহাদ হোসেন, সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার মো: শফিকুর রহমান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহা ফাতেহা তাকমিলা ও সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন।

সৈয়দপুর সফর নিয়ে রাষ্ট্রদূত বলেন, এটি তার জীবনের প্রথম বাংলাদেশ রেলওয়ে ভ্রমণ এবং অভিজ্ঞতাটি খুবই চমৎকার ছিল। তিনি ট্রেনে ভ্রমণ করতে ভালোবাসেন এবং বিশ্বের নানা দেশে ট্রেনে চড়লেও এই ভ্রমণটি তার কাছে বিশেষ হয়ে থাকবে। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র শুরুর দিক থেকেই বাংলাদেশ রেলওয়ের সাথে যুক্ত রয়েছে। বর্তমানে ট্রেনের যে লোকোমোটিভ বা ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে, তা যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্রগ্রেস রেলের তৈরি।

শেয়ার করুন