সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও পাঁচজন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তবে গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে মোট ১৯৬ জন ডেঙ্গুরোগী শনাক্ত হলেন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন, নর্থইস্ট মেডিক্যাল হাসপাতালে একজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং হবিগঞ্জ সদর হাসপাতালে দু’জন রয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ১৪ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচজন, নর্থইস্ট মেডিক্যাল হাসপাতালে একজন, হবিগঞ্জ সদর হাসপাতালে দু’জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন ও সুনামগঞ্জ সদর হাসপাতালে দু’জন ভর্তি রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট জেলায় ৩৮ জন, সুনামগঞ্জে ৪১ জন, হবিগঞ্জে ৯০ জন, মৌলভীবাজারে ২১ জন এবং অন্য জেলা থেকে এসে চিকিৎসা নেয়া ছয়জনসহ মোট ১৯৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। চলতি বছর এই বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে, যিনি সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং তিনি সিলেট জেলার বাসিন্দা ছিলেন।
ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ এডিস মশার বংশবিস্তার রোধে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ ও সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। একইসাথে জ্বর, মাথাব্যথা ও শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানানো হয়েছে।





