গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে গুরুতর দগ্ধ আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আব্দুর রাজ্জাক (৪৫) সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাশ গ্রামের হাফিজার রহমানের ছেলে। তিনি গোবিন্দগঞ্জ হাসপাতালে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট বিকেলে নিজ বাড়ির পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর দিয়ে ডিসের লাইন নেওয়ার কাজ করছিলেন আব্দুর রাজ্জাক। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে তিনি গুরুতর দগ্ধ হন। এতে তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। চার দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে তিনি মারা যান।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুর রহমান হাবিব জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেননি।





