লোহাগাড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

প্রকাশ:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় একটি মিনি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার দক্ষিণ লোহাগাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— কচুয়া উপজেলার রহিমানগর বাজার সংলগ্ন সাহারপাড় গ্রামের বাসিন্দা ফিরোজ আহমেদ তাওহীদ ও মাহিউদ্দিন (মাহি)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে চট্টগ্রামমুখী একটি মিনি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের পর ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক তাওহীদের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন আরোহী মাহিউদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। কিন্তু চমেক হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক মাহিকেও মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত মিনি ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, ঘটনার পর পরই ট্রাকের চালক ও সহকারী (হেলপার) পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন