জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহেরীকান্দা এলাকায় সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। রাজিব পরিবহনের ঢাকাগামী একটি বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা বাসটি অটোরিকশাকে ধাক্কা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অটোরিকশার ওপর পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করেন। এছাড়া অন্তত ১০ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করছেন। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত দুটি মরদেহ জামালপুর হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুটি মরদেহ ঘটনাস্থলেই রয়েছে। উল্টে যাওয়া বাসটির নিচে আরও মরদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং বাসটি সরানোর কাজ চলছে।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, রাজিব পরিবহনের বাসের বেপরোয়া গতির কারণে এই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী দোষীদের বিচারের দাবিতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধারকাজ শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।





