চাঁদপুরে অর্ধকোটি টাকার চোরাই ভারতীয় কাপড়-জিরা উদ্ধার, আটক ১

প্রকাশ:

চাঁদপুর সদর উপজেলায় পুলিশের এক অভিযানে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাই কাপড় ও জিরা উদ্ধার করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তিন তালগাছতলা এলাকায় এই অভিযান চালানো হয়। এ ঘটনায় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় হাবিব বেপারী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত হাবিব বেপারী ওই এলাকার হাশেম বেপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র সিলেট থেকে ঢাকায় না নিয়ে বিপুল পরিমাণ জিরা ও ভারতীয় কাপড় চাঁদপুরে এনে মজুত করছিল। গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গাজী কালামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি পরিত্যক্ত ঘর থেকে ৪৫ বস্তা জিরা এবং একটি ভবন থেকে ২৪ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, হাবিব বেপারী দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতীয় পণ্য এনে তার বাড়িতে মজুত করতেন। পরে সুবিধামতো সময়ে এসব পণ্য ঢাকার কাওরান বাজারে নিয়ে বিক্রি করা হতো। তাদের দাবি, রাতের আঁধারে ভারত থেকে বিভিন্ন ধরনের কাপড় ও জিরা এনে এখানে মজুত করা হতো। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রাই পুলিশকে খবর দেন।

পুলিশের উদ্ধার করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা বা তারও বেশি বলে স্থানীয়রা দাবি করলেও, এর সঠিক মূল্য এখনো নির্ধারণ করা হয়নি।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমেদ বলেন, ‘বেশ কয়েক বস্তা কাপড় ও জিরা উদ্ধার করা হয়েছে। মালামালের বৈধ কাগজপত্র দেখাতে পারলে তা ছেড়ে দেওয়া হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন