দিনাজপুরের চিরিরবন্দরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

প্রকাশ:

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় সবুজ রায় (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়নের ট্রিলিয়ন গোল্ড লিমিটেড (ইপিজেড)-এর উত্তর পাশে পুলিশ ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ রায় উপজেলার ২ নম্বর সাতনালা ইউনিয়নের নাতিপ পাড়ার সুনীল চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী, ঘটনাস্থলে সবুজ রায়কে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। এরপর চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহালের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। স্থানীয়দের দাবি, লাশ উদ্ধারের সময় সবুজের পা মাটির সাথে ছিল এবং শরীর প্রায় বসা অবস্থায় দেখা গেছে।

নিহতের মা চঞ্চলা রাণী রায়ের ভাষ্যমতে, প্রায় দুই বছর আগে ভালোবেসে রাজাপুর গ্রামের কৃষ্ণা রায়কে বিয়ে করেন সবুজ। স্বামী-স্ত্রী উভয়েই ফতেজংপুর দেবীগঞ্জ ট্রিলিয়ন গোল্ড লিমিটেড (ইপিজেড)-এ কর্মরত ছিলেন এবং ইপিজেডসংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা ছিল না। চঞ্চলা রাণীর অভিযোগ, পুত্রবধূর পরকীয়া সম্পর্কের জের ধরে তার ছেলেকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। পরিবার ও প্রতিবেশীরাও একে হত্যাকাণ্ড হিসেবে দাবি করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন নবী জানিয়েছেন, পুলিশ লাশ উদ্ধার করেছে এবং সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং পুলিশ তদন্ত করছে। তদন্ত সম্পন্ন হলে প্রকৃত ঘটনা জানা সম্ভব হবে।

শেয়ার করুন