ভাইরাল ভিডিওর তরুণী: নিজেই মদ খেয়েছি, কেউ খাওয়ায়নি

প্রকাশ:

রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মধ্যরাতে মোটরসাইকেলে বসা এক তরুণীর ‘নিথর’ অবস্থার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা আলোচনা ও দাবি ছড়িয়ে পড়ে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার (২৯ আগস্ট) দুপুরে টঙ্গী পশ্চিম থানায় ওই তরুণীকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তরুণী জানান, মানসিক চাপ কমানোর জন্য তিনি নিজেই মদ পান করেছিলেন। তিনি স্পষ্টভাবে বলেন, ‘হ্যাঁ, আমি নিজেই মদ খেয়েছি। কেউ তো খাওয়ায় দেয়নি। ওই লোকগুলো মোটরসাইকেলে আমাকে পৌঁছে দিয়ে আমাকে সাহায্য করেছে।’ তিনি জানান, মদ পান করার পর অসুস্থ হয়ে পড়লে মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা তাকে তার বান্ধবীর বাসায় নিয়ে যাওয়ার জন্য সাহায্য করছিলেন।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদ শেষে ওই তরুণীকে তার বোনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভাইরাল ভিডিওতে থাকা মোটরসাইকেলের দুই আরোহীকে শনাক্ত করে তাদের জিজ্ঞাসাবাদের চেষ্টা চলছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, মোটরসাইকেলের দুই আরোহীকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা গেলে ওই রাতের ঘটনার বিষয়ে আরও স্পষ্ট তথ্য পাওয়া যেতে পারে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণীর দেওয়া বক্তব্যের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবি ও মন্তব্যের মধ্যে পার্থক্য পাওয়া গেছে। পুলিশ বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বা বিভিন্ন দাবির ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্তে না গিয়ে সংশ্লিষ্ট সবার বক্তব্য ও অন্যান্য তথ্য যাচাই করে ঘটনার প্রকৃত চিত্র বের করার চেষ্টা চলছে।

শেয়ার করুন