বাংলাদেশ ও সৌদি আরব তাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। জেদ্দায় আয়োজিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ২৩তম বিশেষ অধিবেশনের ফাঁকে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের মধ্যে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয়পক্ষই দুই দেশের সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বাংলাদেশকে সৌদি আরবের অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত দেশ হিসেবে উল্লেখ করেন। তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা গভীর করার ওপর গুরুত্বারোপ করেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর আগ্রহ ক্রমাগত বাড়ছে এবং রিয়াদ বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পৃক্ততা আরও সম্প্রসারণে আগ্রহী। এছাড়া, তিনি সৌদি আরবের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানের ভূয়সী প্রশংসা করেন।
বৈঠকে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি চিঠি হস্তান্তর করেন। প্রতিমন্ত্রী জানান, বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর থেকে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের সফর অনুষ্ঠিত হয়েছে, যা সামগ্রিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করেছে। তিনি নিকট ভবিষ্যতে আরও উচ্চপর্যায়ের সফরের সম্ভাবনার কথা উল্লেখ করেন এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
জেদ্দায় অনুষ্ঠিত এই বৈঠকে সৌদি পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ওয়ালিদ আবদুলকরিম আল-খুরেইজি, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।





