ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরির উদ্যোগ সরকারের

প্রকাশ:

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় এবং দুর্যোগকালীন প্রস্তুতি জোরদার করতে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (২৯ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় জানানো হয়, ইতিমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের একটি ডাটাবেজ প্রস্তুত করা হয়েছে। বাকি ৩০ হাজার স্বেচ্ছাসেবককেও দ্রুত সময়ের মধ্যে প্রশিক্ষিত করে প্রস্তুত করা হবে। এছাড়া ভূমিকম্পের সময় প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে সভায় মতবিনিময় হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। দুর্যোগের সময় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপায় নিয়েও বৈঠকে আলোচনা করা হয়। এছাড়া ঢাকা শহরে দুর্যোগের সময় দ্রুত ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘হিউম্যানিটারিয়ান স্ট্যাগিং এরিয়া’ বা বিশেষ লজিস্টিক হাব স্থাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এমএ মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন